সভ্যতার সংকট প্রসঙ্গে নানা যুগের তাত্ত্বিক-চিন্তকদের ভাবনায় ফিরে ফিরে আসে রাজা ওইদিপৌসের মিথ এবং সেই মিথের আধারে রচিত গ্রিক নাট্যকার সোফোক্লেসের নাটক ‘রাজা ওইদিপৌস’।
এই তাত্ত্বিকদের মধ্যে অগ্রগণ্য সিগমুন্ড ফ্রয়েড এবং মিশেল ফুকো।
সিগমুন্ড ফ্রয়েডের তত্ত্বপ্রভাবে একটা দীর্ঘ সময় ধরে মনে করা হত রাজা ওইদিপৌসের মিথটি আসলে নিষিদ্ধ কামনা ও মানব অচেতনে তার অবদমনের গল্প, যা প্রতিফলিত করে মানব সভ্যতার অন্তর্নিহিত সংকটটিকেই। মিশেল ফুকো এই ছকটা ভেঙে দিলেন। বললেন, সভ্যতার ওইদিপৌস কমপ্লেক্স আছে বটে, তবে তা কামনা-অচেতনের টানাপোড়েন নয়। তা জ্ঞান ও রাজনৈতিক ক্ষমতার এক শ্বাসরোধী ঠাসবুনোট। আর সেই অর্থের হদিশ আছে সোফোক্লেসের নাটকটির বিকল্প নামেই: Oedipus Tyrannos।
প্রাচীন গ্রিসের সেই নাটক তথা রূপককাহিনির পুঙ্খানুপুঙ্খ বিচারে ফুকো দেখাচ্ছেন, ওইদিপৌসের ট্র্যাজেডির মূলে অচেতনে অবদমিত কাম নয়, আছে জ্ঞানলব্ধ ক্ষমতার অতিরেক। সভ্যতার সংকটমূলে খেলা করা ওইদিপৌস কমপ্লেক্স-এর তত্ত্বযাত্রাপথ— সিগমুন্ড ফ্রয়েড থেকে মিশেল ফুকো অবধি— পর্যালোচনা করে এই বইটি।