নাটক রচনা, নির্দেশনা ও অভিনয়ে শান্তনু বিশ্বাস সারাদেশে একটি অত্যন্ত পরিচিত নাম। মৌলিক নাটক লিখেছেন সাতটি। ছোটদের জন্য নাট্য রূপান্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প নিয়ে নাটক এবং বিদেশি নাটক অনুবাদ করেছেন বেশ কয়েকটি। তাঁর সম্পাদিত নাট্যপত্র প্রসেনিয়াম গত শতাব্দীর আশির দশকে রুচির বিকাশকালে ৬টি সংখ্যা প্রকাশিত হয়। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ৭ম সংখ্যা বের হয়। প্রবন্ধ-নিবন্ধ-আলোচনা নাট্যসাহিত্য দিয়ে সাজানো থাকতো এই নাট্যপত্রটি। নাটকের বিস্তারে এখানে প্রকাশিত লেখাগুলো কালের বিচারে ছিল সমৃদ্ধ ও অনুসন্ধানী। সমসাময়িককালের যে নিশা এখানে ছিল, তা এখনও প্রাসঙ্গিক। নাট্যমুগ্ধগণ এখনও চান লেখাগুলো পড়তে, তাই পুনর্মুদ্রণের এই আয়োজন। এই সংকলনের রাজ্যে বাংলা নাটক ও বিদেশি নাটকের উজ্জ্বল দিকটি ওঠে এসেছে। একটা স্বতন্ত্র থিয়েটার-কাণ্ডের ভাবনা সম্পূর্ণটাই সকলের কাছে তুলে ধরা আছে। এভাবেই তখন থেকে আজ অবধি এই নাট্যপত্রের পরিচিতি ব্যাপক।