উপন্যাস তথা কথাশিল্পের জন্মের সঙ্গেই অবিচ্ছেদ্যভাবে যুক্ত হয়ে আছে মানবের জয়গাথা। ইওরোপীয় রেনেসাঁ ও শিল্পবিপ্লব-পরবর্তী যুগে মানুষই যখন হয়ে উঠেছে সবকিছুর কেন্দ্রবিন্দু তখনই একটি নতুন সাহিত্যরূপ হিসেবে অনিবার্য হয়ে ওঠে উপন্যাসের সৃষ্টি। বাংলা কথাসাহিত্যও এর ব্যতিক্রম নয়। এখানেও আমরা দেখি মানবজীবনরসেরই প্রবল প্রবাহ। বিশ্বনন্দিত রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে সমকালের জনপ্রিয় আনিসুল হক পর্যন্ত ষোলো জন কথাশিল্পীর রচনা বিশ্লেষণ করে লেখক এ গ্রন্থে তাঁদের মানবভাবনার স্বরূপ উন্মোচন করতে চেয়েছেন। এই অবলোকনের মধ্যেই আছে বালক-বালিকার মনস্তত্ত্ব, আছে বেদে-জীবনের নিগূঢ় ভাষ্য, আছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনরহস্য, আছে রাজনৈতিক সংগ্রামশীলতা, নৈঃসঙ্গ্যচেতনা, দ্বন্দ্ব-সংকটে জর্জরিত ও বিপর্যস্ত মধ্যবিত্তের জীবন-আখ্যান। মানবজীবন যে কত বিচিত্র, মহৎ, সৃষ্টিশীল, জটিল ও বহুমুখী কথাকারদের দ্বারা বিভিন্ন চরিত্রের মনস্তাত্ত্বিক উন্মোচনের মধ্য দিয়েই তা অধিকতর স্পষ্ট হয়। এ গ্রন্থে লেখকের কথাশিল্প-বিবেচনার যোগসূত্রে পাঠকও এই বহুমাত্রিক জীবনরসের সঙ্গে একান্তভাবে পরিচিত হতে পারবেন।