আবদুল মান্নান সৈয়দের পরিচয় কবি, কথাশিল্পী, নাট্যকার ও অনুবাদক হিসেবে। সেই সঙ্গে গবেষক ও সমালোচক হিসেবেও তিনি ছিলেন প্রবাদপ্রতিম খ্যাতির অধিকারী। আধুনিক বাংলা সাহিত্যের খুব কম ব্যক্তিত্বই আছেন, যাঁরা তাঁর সমালোচক-সত্তার মনোযোগ আকর্ষণ করেননি। এর মধ্যে জীবনানন্দ দাশ ও মানিক বন্দ্যােপাধ্যায় আজীবন তাঁকে প্রবল ও গভীরভাবে আকৃষ্ট করেছেন। জীবনানন্দ বিষয়ে তাঁর মূল্যায়ন অনেক আগেই মলাটবদ্ধ হয়ে তাঁকে সমালোচকের খ্যাতি ও প্রতিষ্ঠা এনে দিয়েছে। মানিক বন্দ্যােপাধ্যায় সম্পর্কে তাঁর বিবেচনা ও মূল্যায়ন এই প্রথম একত্রে বই হিসেবে প্রকাশিত হলো। মানিকের উপন্যাস নিয়ে একসময় তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি পর্যায়ে গবেষণায় যুক্ত হয়েছিলেন। প্রাতিষ্ঠানিক ওই গবেষণা শেষ না-করলেও মানিক বন্দ্যােপাধ্যায় বিষয়ে নিরবচ্ছিন্নভাবে ভেবে ও লিখে গেছেন। মৃত্যুর আগে মানিকের সব ধরনের রচনা সম্পর্কে তাঁর সামগ্রিক মূল্যায়ন তিনি সূচিবদ্ধ করেছেন এ বইয়ে।