বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (১৯২০-১৯৭৫) রাজনীতির কবি। পাকিস্তান আন্দোলন থেকে আরম্ভ করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন ও স্বাধীন দেশ পুনর্গঠনে তাঁর বিচরণ নায়কোচিত। ২০১২ সালের আগে কে জানতো তাঁর লেখক সত্তাকে? তিনি রাজনীতি করেছেন; জেল খেটেছেন। জেলখানায় আর পাঁচজনের মতো অবহেলায় সময় নষ্ট না করে ডায়েরি লিখেছেন। এসব লেখা অসমাপ্ত আত্মজীবনী (২০১২), কারাগারের রোজনামচা (২০১৭) ও আমার দেখা নয়াচীন (২০২০) শিরোনামে গ্রন্থভুক্ত হয়েছে। এছাড়াও প্রকাশ হয়েছে বঙ্গবন্ধুর সাক্ষাৎকার বিষয়ক গ্রন্থ এবং ভাষণসমগ্র। এসব গ্রন্থে দুটি দিক লক্ষ করা যায়। এক. বঙ্গবন্ধুর ব্যক্তি ও পারিবারিক জীবন এবং দুই. তাঁর রাজনৈতিক জীবন-দর্শন ও সমকালীন ইতিহাস। উপর্যুক্ত গ্রন্থাদি নিয়ে বিস্তর আলোচনা-সমালোচনা চোখে পড়ে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ এসব লেখালেখিতে নতুন মাত্রা যুক্ত করেছে। লেখক বঙ্গবন্ধু শীর্ষক গ্রন্থটি সেসব প্রচলিত লেখালেখির বাইরে লেখক, কথক, রাজনীতিক ও বাগ্মী-শিল্পী বঙ্গবন্ধু সম্পর্কে আমার স্বতন্ত্র ভাবনার বহিঃপ্রকাশ। পাঠকবৃন্দ বর্তমান গ্রন্থটি পাঠে এক নতুন বঙ্গবন্ধুকে উপলব্ধি করবেন-এ আমার বিশ্বাস।